
বান্দরবানে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সদর উপজেলার রোয়াংছড়ি বাস স্টেশন, মধ্যমপাড়া, উজানী পাড়া, লেবুঝিরি পাড়াসহ বিভিন্ন এলাকায় কুকুরের কামড়ে নারী-পুরুষ ও শিশু আহত হয়েছে। তাদের সবাই বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে।
আহতদের মধ্যে কামাল হোসেন (৩০) নামে একজন হাসপাতালে ভর্তি রয়েছেন। সোমবার (১৯ অক্টোবর) হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে এ তথ্য জানা গেছে।
একের পর এক কুকুরের কামড়ের ঘটনায় শহরের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কুকুরের কামড়ে আহত কামাল হোসেন জানান, তিনি হেঁটে যাওয়ার সময় হঠাৎ একটি কুকুর এসে তার পায়ে কামড় দেয়। এতে তার পায়ে ক্ষত সৃষ্টি হয় এবং রক্তপাত শুরু হয়। পরে তাকে হাসপাতালে নেয়া হয়।
কামালের পরিবারের এক সদস্য জানান, তারা বাড়িতে থাকা অবস্থায় খবর পান, কামালকে কুকুরে কামড় দিয়েছে। খবর পাওয়ার পর স্থানীয় লোকজনের সহযোগিতায় দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসেন।
বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) মো: তৌহিদুল আনোয়ার জানান, জরুরি বিভাগের প্রাপ্ত তথ্য অনুযায়ী, সোমবার কুকুরের কামড়ে আহত ১৭ জন চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে একজন হাসপাতালে ভর্তি রয়েছে। আরো কয়েকজন হাসপাতালে চিকিৎসা নিয়েছে বলে খবর পাওয়া গেছে। আহতদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেয়া হয়েছে।
বান্দরবান পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক মো: এস এম মনজুরুল হক জানান, পৌরসভা থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








