
দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মো: মিজানুর রহমান মিনু।
তিনি বলেন, ‘আমার জানা মতে, এর আগে কোনো রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রী ঢাকার বাইরে পূজামণ্ডপ পরিদর্শনে যাননি। এবার প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহীর পাশাপাশি রংপুর ও চট্টগ্রামেও পূজামণ্ডপ পরিদর্শন করবেন।’
মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জনসভাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
ভূমিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর এই সফর রাজশাহীবাসীর জন্য অনেক বড় প্রাপ্তি। বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের আনন্দ বহুগুণ বেড়েছে। দুর্গাপূজার মধ্যে প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন তাদের জন্য বিশেষ তাৎপর্য বহন করছে।’
তিনি বলেন, ‘রাজশাহীতে প্রধানমন্ত্রীর একাধিক কর্মসূচি রয়েছে। এর মধ্যে রাজশাহীর ধর্মসভায় পূজামণ্ডপ পরিদর্শন, ঐতিহাসিক মাদরাসা মাঠে জনসভায় অংশগ্রহণ এবং আখচাষিদের মধ্যে প্রণোদনা বিতরণের কর্মসূচি রয়েছে।’
তিনি আরো বলেন, ‘ঐতিহাসিক মাদরাসা মাঠে এর আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ভাষণ দিয়েছেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও এখানে ভাষণ দিয়েছেন। তবে প্রধানমন্ত্রী হিসেবে রাজশাহীতে এটিই তার প্রথম সফর।’
জনসভার প্রস্তুতি সম্পর্কে ভূমিমন্ত্রী বলেন, ‘রাজশাহীতে বরাবরই বড় সমাবেশ হয়ে থাকে। এবারো এর ব্যতিক্রম হবে না। ইতোমধ্যে জনসভা আয়োজনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত রাজশাহীবাসী। তাকে একনজর দেখার অপেক্ষায় রয়েছেন অনেকে। তার আগমন ঘিরে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। এই সফরকে কেন্দ্র করে রাজশাহী বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে।’
রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহীকে অত্যন্ত ভালোবাসেন। এই অঞ্চলের উন্নয়ন নিয়ে তিনি অবগত আছেন। রাজশাহীর উন্নয়নে বেশ কিছু প্রকল্প হাতে নেয়া হয়েছে।’
তিনি আরো বলেন, ‘আগামীতে রাজশাহী থেকে আরো তিনটি ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে। প্রস্তাবিত রুটগুলো হলো রাজশাহী-চট্টগ্রাম, রাজশাহী-ঢাকা বিরতিহীন ও রাজশাহী-কলকাতা।’
প্রধানমন্ত্রীর জনসভা সফলভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করে ভূমিমন্ত্রী বলেন, ‘আমি আশা করছি, সবার সহযোগিতায় সুষ্ঠুভাবে জনসভা শেষ হবে।’
এদিকে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জনসভাস্থল পরিদর্শন শেষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রীর সফর ঘিরে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। নিরাপত্তার ক্ষেত্রে কোনো ত্রুটি রাখা হবে না। প্রধানমন্ত্রীর যাতায়াতের বিভিন্ন সড়কে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পোশাকের পাশাপাশি সাদা পোশাকেও দায়িত্ব পালন করছেন।’
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, রাজশাহী বিভাগীয় কমিশনার মো: ইউসুফ আলী, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন, জেলা প্রশাসক (ডিসি) কাজী শহিদুল ইসলাম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা ও জেলা পুলিশ সুপার মামুনুর রশিদ মামুনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








