মার্কিন রাষ্ট্রদূত ও তার স্ত্রী, এমপি দিপু ও তার স্ত্রী
মার্কিন রাষ্ট্রদূত ও তার স্ত্রী, এমপি দিপু ও তার স্ত্রী। নয়া দিগন্ত

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন ও তার সহধর্মিণী মিসেস ডিয়ান ডাও নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বেশ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।

Advertisement

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে তারা উপজেলার ভুলতা, গোলাকান্দাইল ইউনিয়নের বেশ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন।

এ সময় তাদের সফরসঙ্গী ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, তার সহধর্মিণী আর্কিটেক্ট ইয়াছমিন ইসমাইল, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আব্দুল্লাহ বিন শফিক, নারায়ণগঞ্জ সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সালাহউদ্দিন, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাস্টার, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, মার্কিন দূতাবাস বাংলাদেশের ডেপুটি চিফ অফ মিশন মেগান বোল্ডিনসহ মার্কিন দূতাবাসের প্রতিনিধি দল।

পরিদর্শনে পূজামণ্ডপের নান্দনিক পরিবেশ ও চারপাশের সবুজ প্রকৃতি দেখে মুগ্ধ হন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন ও তার স্ত্রী মিসেস ডিয়ান ডাও। তারা পূজামণ্ডপের প্রতিমার পাশে দাঁড়িয়ে ছবি তোলেন এবং সেখানে কিছু সময় অবস্থান করে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে আনন্দ উপভোগ করেন।

পরিদর্শনকালে মার্কিন রাষ্ট্রদূত পূজামণ্ডপের আশপাশের শান্ত পরিবেশ, আইনশৃঙ্খলার উন্নতি, হিন্দু-মুসলিমদের সুসম্পর্ক ও আত্মীয়পরায়ণে মুগ্ধ হয়ে স্থানীয় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন ও তার সহধর্মিণী মিসেস ডিয়ান ডাও রূপগঞ্জের ভুলতা গাউছিয়া এলাকায় এলে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা শফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা হাফিজুর রহমান, ছাত্রদল নেতা রাকিব ভুঁইয়া প্রমুখ।

বিদায়কালে রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন ও তার স্ত্রী মিসেস ডিয়ান ডাওকে জামদানি শাড়ি ও পাঞ্জাবি উপহার দেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু ও তার সহধর্মিণী ইয়াছমিন ইসমাইল।

উল্লেখ্য, চলতি বছরের ১৫ জানুয়ারি ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেন। এর আগে তিনি ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সিলর হিসেবে কর্মরত ছিলেন।