
মুন্সীগঞ্জের শ্রীনগরে নকল টাকা ছাপানোর সরঞ্জাম ও জাল নোটসহ মো: শ্রাবন হোসেন (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশতিয়াক আশফাক রাসেল নয়া দিগন্তকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রোববার দিবাগত রাত পোনে ১০টার দিকে শ্রীনগর উপজেলার ভাগ্যকুল মান্দ্রা এলাকার একটি একতলা ভবনের কক্ষে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
অভিযানে উদ্ধার করা হয়েছে ১০০০টি ২০০ টাকা মূল্যমানের জাল নোট। যার মোট পরিমাণ দুই লাখ টাকা। এ ছাড়া জব্দ করা হয়েছে ডেলের একটি ল্যাপটপ ও এপসনের একটি কালার প্রিন্টার।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশতিয়াক আশফাক রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত পৌনে ১০টার দিকে জেলা গোয়েন্দা শাখার এসআই (নি:) মোহাম্মদ কামরুল হাসান পিপিএমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম শ্রীনগর থানাধীন ভাগ্যকুল মান্দ্রা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে মান্দ্রা এলাকার ৮ নম্বর ওয়ার্ডে একটি একতলা বিল্ডিংয়ের একটি কক্ষে নকল টাকা ছাপানো অবস্থায় একই এলাকার শ্রাবনকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন বলে তিনি আরো জানান।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








