হাম
সিলেটের ম্যাপ। নয়া দিগন্ত

সিলেটে ফের বেড়েছে হামে মৃত্যু। এবার মৃত্যু হয়েছে ৩৮ বছরের এক ব্যক্তির। গত ২৪ ঘণ্টায় হামে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণকারী ৩৮ বছর বয়সী সাদিকুর রহমান মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বাসিন্দা। এই সময়ে নতুন করে কেউ হাম শনাক্ত না হলেও উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছেন আরো ১৩২ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪০৮ জন।

Advertisement

সোমবার (১৯ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ অক্টোবর পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা এক হাজার ১১৫ জনে রয়েছে। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৪৪২, হবিগঞ্জে ১৫৮, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জনের হাম শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১৩২ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫৮, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩৭, রাগিব রাবেয়া মেডিক্যালে দুই, নর্থ ইস্ট মেডিক্যালে এক, পার্কভিউ মেডিক্যালে ২০ ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৪ জন রোগী ভর্তি হয়েছেন।

বর্তমানে চিকিৎসাধীন ৪০৮ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৬৬, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৫৩, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ১১, নর্থ ইস্টে চার, পার্কভিউ মেডিক্যালে ২৫, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই, গোলাপগঞ্জ দুই, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৯, ধর্মপাশায় এক ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৫ জন চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের জেলাভিত্তিক হিসাব অনুযায়ী, এ পর্যন্ত সিলেটে হাম ও উপসর্গে ১৯৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সন্দেহজনক হাম রোগে সিলেটে ৭৭, হবিগঞ্জে ২৬, মৌলভীবাজারে ১৫ এবং সুনামগঞ্জে ৬৮ জনের মৃত্যু হয়েছে। 

অন্যদিকে নিশ্চিত হাম রোগে সিলেটে চার, হবিগঞ্জে চার, মৌলভীবাজারে একজন ও সুনামগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে সিলেটে ৮১, হবিগঞ্জে ৩০, মৌলভীবাজারে ১৬ এবং সুনামগঞ্জে ৬৯ জনের মৃত্যু হয়েছে। আগের ২৪ ঘণ্টায় সিলেটে হাম উপসর্গে দুই শিশুর মৃত্যু ও নতুন ভর্তি হয়েছিলেন ১১১ জন।