
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর চান মিঞা ওরফে চান্দ আলী (৫৫) নামের এক ভ্যানচালকের মস্তকবিহীন ও পচাগলা লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শাহাপুর পুলিশ ক্যাম্প সংলগ্ন কোটচাঁদপুর সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত চান্দ আলী হাসাদাহ গ্রামের বালিগর্ত পাড়ার মরহুম জোনাব আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত পাঁচ দিন আগে প্রতিদিনের মতো ব্যাটারিচালিত ভ্যান নিয়ে উপার্জনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন চান্দ আলী। এরপর থেকে তিনি আর বাড়ি ফিরে আসেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। নিখোঁজের পর থেকে তার ব্যাটারিচালিত ভ্যানটিরও কোনো হদিস মেলেনি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সকালে স্থানীয় পথচারীরা শাহাপুর পুলিশ ক্যাম্প সংলগ্ন কোটচাঁদপুর সড়কের পাশে একটি বিকৃত ও মস্তকবিহীন লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে জীবননগর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। পরবর্তীতে নিহতের পরিধেয় পোশাক ও অন্যান্য আলামত দেখে স্বজনরা লাশটি চান্দ আলীর বলে শনাক্ত করেন। পুলিশের প্রাথমিক ধারণা, ব্যাটারিচালিত ভ্যানটি ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে হত্যা করে নির্জন স্থানে লাশ ফেলে রেখে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, ‘সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মস্তকবিহীন গলিত লাশটি উদ্ধার করে। পারিপার্শ্বিক আলামত দেখে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে নাকি অন্য কোনো শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।’
তিনি আরো জানান, লাশের ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








