গ্রেফতার
ডাকাত গ্রেফতার। নয়া দিগন্ত

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দুই মামলায় মোট ২৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও চার মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মো: হাসান (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। 

Advertisement

রোববার (১৮ অক্টোবর) চান্দিনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হাসান ব্রাহ্মণপাড়া উপজেলার গোপালনগর গ্রামের মজিবুর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, হাসানের বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে দু’টি মামলায় আদালত তাকে পৃথকভাবে ১৫ বছর ও ১০ বছর করে মোট ২৫ বছরের সশ্রম কারাদণ্ড দেন। এ ছাড়া তার বিরুদ্ধে মোট চারটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন।

থানার উপপরিদর্শক ডি এম এ মজিদ জানান, হাসানের বিরুদ্ধে দু’টি মামলায় মোট ২৫ বছরের সাজা পরোয়ানাসহ চারটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গ্রেফতারকৃত হাসান একজন তালিকাভুক্ত ও পরোয়ানাভুক্ত আসামি। তার বিরুদ্ধে ডাকাতি ও অন্যান্য অপরাধের একাধিক পরোয়ানা রয়েছে। চান্দিনা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।’