
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় হাম ও জ্বর উপসর্গে ছাদিকুর রহমান সুয়েব ও ফয়ছল আহমদ চৌধুরী নামে দু’জনের মৃত্যু হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে ও শনিবার (১৭ অক্টোবর) রাতে তাদের মৃত্যু হয়।
নিহত ছাদিকুর রহমান সুয়েব উপজেলার ব্রাহ্মণবাজার কুসুমকলি কিন্ডার গার্টেন জুনিয়র স্কুলের প্রতিষ্ঠাতা সাবেক সেনা কর্মকর্তা শফিক আহমেদের ছেলে। তিনি ওই স্কুলের পরিচালক ছিলেন। অপর নিহত ফয়ছল আহমদ চৌধুরী ব্রাহ্মণবাজার ইউনিয়নের খুমিয়া বড়বাড়ি এলাকার বাসিন্দা মরহুম আব্দুল খালিক চৌধুরীর ছেলে।
জানা যায়, শুক্রবার (১৬ অক্টোবর) হাম ও জ্বর উপসর্গ নিয়ে ছাদিকুর রহমান সুয়েব সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হন। এরপর হাসপাতালে তার শরীরে হামের লক্ষণ দেখা দেয়। এ নিয়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার বিকেলে তার মৃত্যু হয়।
অন্যদিকে ফয়ছল আহমদ চৌধুরী হাম ও জ্বর উপসর্গ নিয়ে কিছুদিন আগে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি হন। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় থাকার পর শনিবার রাতে তার মৃত্যু হয়।
এ বিষয়ে মৌলভীবাজার জেলার সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা: জাকির হোসেন জানান, হাম উপসর্গ নিয়ে বয়স্ক কারো মৃত্যুর ঘটনার হিস্ট্রি নেই। তবে এ রোগে যদি মৃত্যু হয়ে থাকে আমরা বিষয়টি আমলে নিয়ে যাচাই-বাছাই করব। আমরা ওই দুই ব্যক্তির বাড়িতে আগামীকাল আমাদের টিম পাঠাব। তারা গিয়ে প্রকৃতভাবে কোন রোগে তাদের মৃত্যু হয়েছে তা জেনে হাসপাতালের কাগজপত্র দেখে প্রয়োজনীয় বাকি ব্যবস্থা গ্রহণ করা হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








