
চুয়াডাঙ্গা সদর উপজেলায় নির্ধারিত এলাকার বাইরে অবৈধভাবে সার পাচার এবং বিক্রির সঠিক হিসাব ও রসিদ সংরক্ষণ না করার অপরাধে দুই সার ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসনের পরিচালিত বিশেষ অভিযানে এই জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মির্জা শহিদুল ইসলামের নেতৃত্বে চুয়াডাঙ্গার বিভিন্ন বাজারে এই অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে নেহালপুর কৃষ্ণপুর বাজারের ‘মেসার্স রানা ট্রেডার্স’-কে নির্ধারিত এলাকার বাইরে সার পাচারের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, হিজলগাড়ী বাজারের ‘বাবুল ট্রেডার্স’ সার বিক্রির সঠিক হিসাব ও রসিদ সংরক্ষণ না করায় প্রতিষ্ঠানটিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সারের বাজারে কৃত্রিম সঙ্কট রোধ এবং কৃষকদের ন্যায্যমূল্যে সার প্রাপ্তি নিশ্চিত করতে এ ধরনের কঠোর তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








