
নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুর জামান আলিফ ফকিরকে হত্যার প্রতিবাদে এবং ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খালিয়াজুরী উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) বেলা ২টার দিকে খালিয়াজুরী উপজেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
খালিয়াজুরী উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব সোহান বিন নবাবের পরিচালনায় ও আহ্বায়ক মোহাম্মদ হাবিবুল্লাহর সভাপতিত্বে মানববন্ধনে প্রেসক্লাবের সদস্য আবুল হোসেন, সেলিম আহমেদ, রাসেল আহমেদসহ স্থানীয় সাংবাদিকেরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, সাংবাদিক লুৎফুর জামান আলিফ ফকির এলাকায় মাদক কারবার, সীমান্তে চোরাচালান ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। অন্যায় ও অপরাধের বিরুদ্ধে তার সাহসী ভূমিকা ছিল। আমরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের হামলা, মামলা ও নির্যাতনের শিকার হওয়ার ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের ওপর সংঘটিত হামলা ও হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে।
মানববন্ধনে সাংবাদিক জুনায়েদ আহমেদ, মো: সায়েম, জাকির হোসেন, নাগরিক সমাজের প্রতিনিধি মো: এরশাদ মিয়া, সাইফুল ইসলামসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে নেত্রকোণার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে সাংবাদিক লুৎফুর জামান আলিফ ফকির গুলি করে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর থেকে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিভিন্ন স্থানে সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








