
কুমিল্লার লাকসামে নিখোঁজের ১০ দিন পর ধানক্ষেত থেকে কাউসার হোসেন (২৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৮ অক্টোবর) উপজেলার বাকই ইউনিয়নের তারাপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ সময় লাশের পাশ থেকে বস্তাবন্দী বেশ কিছু সিগারেটও উদ্ধার করা হয়।
নিহত কাউসার হোসেন তারাপুর পূর্বপাড়ার মরহুম হাবিবুর রহমানের ছেলে। পেশায় তিনি অটোরিকশা চালক ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, গত ৮ অক্টোবর বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন কাউসার। এরপর স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন এবং মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা চালান। তবে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
রোববার সকালে তারাপুর গ্রামের একটি ধানক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লায়লী ও উপপরিদর্শক হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি নিহতের বাড়ির পাশের একটি দোকানে চুরির ঘটনা ঘটে। ধানক্ষেতে লাশের পাশে বস্তাবন্দী অবস্থায় পাওয়া সিগারেটের সাথে ওই চুরির ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি-না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ দেখা দিয়েছে।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামরুন্নাহার লায়লী বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত করছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








