
কক্সবাজার শহরের নবনির্মিত একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে তিন লাখ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) রাত ৩টার দিকে শহরের শহীদ স্মরণি এলাকার কোরাল রিফের নবনির্মিত পূর্বিতা ভবনে এ অভিযান চালানো হয়।
গ্রেফতাররা হলেন শরীয়তপুরের আবদুল কাদেরের ছেলে মো: আরমান, বরিশালের শামীম ও ভোলার কাশেমের ছেলে মোহাম্মদ রাকিব।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই ফ্ল্যাটে অভিযান চালিয়ে তিন লাখ ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক কারবারিতে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানায়, নারায়ণগঞ্জের রাহাত নামে এক ব্যক্তি ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন। ঢাকায় পাচারের উদ্দেশে সেখানে বিপুল পরিমাণ ইয়াবা মজুদ করা হতো। এর আগে ওই ফ্ল্যাট থেকে ২০ লাখ পিস ইয়াবার একটি চালান সরবরাহ করা হয়েছিল বলে তারা দাবি করেন।
কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, এ ঘটনায় মামলা করা হয়েছে। রাহাতসহ চক্রের মূল হোতাদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








