
সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী ও বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং দেশবিরোধী চক্রান্তে জড়িত থাকার অভিযোগে শহিদুল ইসলাম ওরফে রুবেল (৩৭) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক দাবি করেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একটি টেলিগ্রাম গ্রুপে তার প্রায়ই কথা হয়।
রোববার (১৮ অক্টোবর) হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার দিবাগত রাতে নগরের হালিশহর থানার আই-ব্লক এলাকা থেকে শহিদুলকে গ্রেফতার করে।
গ্রেফতার শহিদুল ইসলাম ফেনী সদর থানার ফরহাদাবাদ ইউনিয়নের দক্ষিণ ফরহাদনগর গ্রামের কামাল পাশার ছেলে। তিনি নগরের খুলশী থানার জালালাবাদ হাউজিং সোসাইটির একটি ভবনে থাকতেন।
পুলিশের তথ্য অনুযায়ী, শহিদুল নিজেকে ‘শেখ হাসিনা ঐক্য পরিষদ’ নামের একটি টেলিগ্রাম গ্রুপের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচয় দিতেন। এছাড়া ‘চট্টগ্রাম দক্ষিণ, শেখ হাসিনা ঐক্য পরিষদ’, ‘চট্টগ্রাম উত্তর, শেখ হাসিনা ঐক্য পরিষদ’ ও ‘ফেনী জেলা শেখ হাসিনা ঐক্য পরিষদ’সহ ১০ থেকে ১২টি হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন হিসেবে যুক্ত তিনি।
অভিযোগ রয়েছে, ‘Mohammad Sahidul Islam’ নামের ফেসবুক আইডি ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাষ্ট্রবিরোধী কার্যক্রম পরিচালনা করে আসছিলেন শহিদুল।
ওসি জয়নাল আবেদীন মন্ডল জানান, শহিদুল দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্র ও সরকারবিরোধী ষড়যন্ত্রমূলক এবং বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করে আসছিলেন। এছাড়া নগরের বিভিন্ন থানা এলাকায় সরকারবিরোধী মিছিল-মিটিং পরিচালনা করতেন বলেও অভিযোগ রয়েছে।
ওসি আরো জানান, রুবেলের বিরুদ্ধে হালিশহর থানায় সন্ত্রাসবিরোধী আইনে দু’টি মামলা রয়েছে।
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








