দুদক
দুদকের লোগো। সংগৃহীত

সম্পদ বিবরণীতে বিপুল পরিমাণ সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়ের সাথে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগে কুষ্টিয়ার সাবেক দুই সংসদ সদস্যের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

Advertisement

রোববার (১৮ অক্টোবর) দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো করা হয়। 

মামলার আসামিরা হলেন কুষ্টিয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য মো: কামারুল আরেফিন ও কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ।

দুদকের মামলা সূত্রে জানা গেছে, কামারুল আরেফিনের বিরুদ্ধে দাখিল করা সম্পদ বিবরণীতে এক কোটি ৬৮ লাখ আট হাজার ৮০১ টাকার সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়ের সাথে অসংগতিপূর্ণ আট কোটি নয় লাখ এক হাজার ৪৮৪ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন আইনে মামলা করা হয়েছে। 

অন্যদিকে, সেলিম আলতাফ জর্জের বিরুদ্ধে দাখিল করা সম্পদ বিবরণীতে ৬৪ লাখ ৪৮ হাজার ৪৭৮ টাকার সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়ের সাথে অসংগতিপূর্ণ এক কোটি এক লাখ ৬৪ হাজার তিন টাকার সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগ আনা হয়েছে। একই আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। 

দু’টি মামলার বাদি দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: বুলবুল আহমেদ। তবে মামলার অভিযোগের বিষয়ে আসামিদের বক্তব্য পাওয়া যায়নি। কামারুল আরেফিন পলাতক রয়েছে এবং সেলিম আলতাফ জজ বর্তমানে কারাগারে রয়েছেন বলে জানা যায়।