বিএনপি, যুবক, গণপিটুনি, মৃত্যু
নিহত যুবকের লাশ নিয়ে যাচ্ছেন পুলিশ ও স্বজনরা। নয়া দিগন্ত

ভোলার রাজাপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগে গণপিটুনিতে আহত আসিফ (২৫) নামে এক যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

Advertisement

রোববার (১৮ অক্টোবর) ভোরে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত আসিফ (২৫) রাজাপুর এলাকার মো: দলু মিয়ার ছেলে। আহত বিএনপি নেতা হোসেন ম্যানেজার (৫০) রাজাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে শনিবার সন্ধ্যায় ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের আনন্দবাজার এলাকায় হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় তাকে কুপিয়ে জখম করার অভিযোগ ওঠে আসিফের বিরুদ্ধে। ঘটনার খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা আসিফকে ধরে গণপিটুনি দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় আসিফকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয়।

এদিকে, হামলায় গুরুতর আহত বিএনপি নেতা হোসেন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক বশির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ আসিফকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।