সড়ক দুর্ঘটনা
উল্টে যাওয়া চাঁদের গাড়ি। নয়া দিগন্ত

রাঙ্গামাটির বাঘাইছড়ির পর্যটন কেন্দ্রের সাজেক থেকে ফেরার পথে চাঁদের গাড়ি (জিপ) উল্টে সাত পর্যটক আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

Advertisement

আজ রোববার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে শিজকছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

জানা যায়, গাড়িটিতে ১৩ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় তাদের মধ্যে সাতজন আহত হন। পরে সেনাবাহিনীর সহায়তায় আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক হাসপাতালে পাঠানো হয়। আহতরা সকলে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার বাসিন্দা।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তোফাজ্জল হোসেন জানান, দুর্ঘটনায় সাতজন আহত হয়েছেন। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। সেনাবাহিনীর সহযোগিতায় আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর সাজেকে পর্যটকদের ব্যাপক সমাগম লক্ষ্য করা গেছে। নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় অবকাশ যাপনে সেখানে শত শত পর্যটকের উপস্থিতি মুখরিত করে তুলেছে পুরো পাহাড়ি উপত্যকা।