ডেঙ্গু
সিলেটের ম্যাপ। নয়া দিগন্ত

সিলেটে ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার নেপাল চন্দ্র দাস (৫২)। এ নিয়ে চলতি মৌসুমে সিলেটে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে।

Advertisement

এদিকে বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৫ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এতে চলতি বছরে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩৮জনে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫০ জন।

রোববার (১৮ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যুর পাশাপাশি নতুন শনাক্ত ১৫ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে এক, জালালাবাদ রাগিব রাবেয়া মেডিক্যালে চার, মাউন্ট এডোরা হাসপাতালে এক, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন,বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক ও হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চারজন রয়েছেন।

বর্তমানে হাসপাতালে ভর্তি ৫০ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৫, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ছয়, মাউন্ট এডোরা হাসপাতালে এক,বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাত, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চার, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক, হবিগঞ্জ সদর হাসপাতালে ১১, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই ও শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ অক্টোবর পর্যন্ত বিভাগে শনাক্ত ৬৩৮ জনের মধ্যে হবিগঞ্জে ২৭৬, সুনামগঞ্জে ১৩৯, সিলেটে ১৩৩ এবং মৌলভীবাজারে ৬৭ জন রয়েছেন। এছাড়া অন্যান্য জেলা থেকে এসে সিলেট বিভাগে চিকিৎসা নিতে গিয়ে আরো ২৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

এদিকে, আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারো না হলেও শনাক্ত হয়েছিলেন ১৩ জন। চলতি বছর সিলেট বিভাগে এ পর্যন্ত ডেঙ্গুতে চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ১৬ সেপ্টেম্বর জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন মৌলভীবাজারের জুড়ী উপজেলা ছলিমা বেগম (৬০), ৮ সেপ্টেম্বর জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কৃষ্ণ দাস (৪৫) ও ২ আগস্ট সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আফিয়া খানম (৫৪) ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।