
সিলেটের জকিগঞ্জে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে ফরহাদ আহমদ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
রোববার (১৮ অক্টোবর) সকাল ৮টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের জকিগঞ্জ উপজেলার ৩ নম্বর কাজলসার ইউনিয়নের আটগ্রাম বাসস্টেশনের পশ্চিম পাশের ব্রিজে এ ঘটনা ঘটে।
নিহত ফরহাদ জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের সোনাসার এলাকার বারগাত্তা গ্রামের বাসিন্দা মো: আব্দুস সুবহানের ছেলে। প্রায় ৩৮ দিন আগে গত ১০ সেপ্টেম্বর কানাইঘাট উপজেলার কালিগঞ্জ এলাকার মানিকপুর গ্রামে তিনি বিয়ে করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ছোট ভাই হালিম আহমদকে কানাইঘাট সড়কের বাজারে পৌঁছে দিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ফরহাদ। পথে আটগ্রাম বাসস্টেশনের পশ্চিম পাশের ব্রিজে জকিগঞ্জ থেকে সিলেটগামী একটি বাসের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ভাইয়ের মৃত্যুর খবর শুনে কান্নায় ভেঙে পড়েন হালিম। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘ভাই আমাকে সড়কের বাজারে নামিয়ে দিয়ে যাওয়ার সময় আমি তাকে ধীরে ধীরে যেতে বলেছিলাম। এরপর আমি কানাইঘাটের দিঘীরপারে চলে যাই। পথে তাকে আর ফোন দেয়া হয়নি। এখন শুনতে পাচ্ছি, আমার ভাই সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।’
দুর্ঘটনার খবর পেয়ে জকিগঞ্জ থানার এসআই আব্দুল্লাহ আল মোমেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশেল সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে লাশ উদ্ধার করে জকিগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়। এ সময় দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার ও বাসটি জব্দ করা হয়।
জকিগঞ্জ থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, দুর্ঘটনায় জড়িত বাসের চালককে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় এখনো কোনো মামলা করা হয়নি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








