
খুলনা মহানগরীর পশ্চিম টুটপাড়ায় হেলমেট ও মাস্ক পরা তিন ব্যক্তি মোটরসাইকেলে করে এসে শেখ জুম্মান রহমান বিশাল (২৭) নামে এক যুবককে গুলি করে তার মোবাইল ফোন ছিনতাই করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) রাত ১টা ৫৫ মিনিটের দিকে আমতলা মোড় এলাকায় একটি মসজিদের সামনে এ ঘটনা ঘটে। গুলি তার বাম ঊরুতে লাগে।
আহত বিশাল পশ্চিম টুটপাড়া দারোগা বস্তি এলাকার বাসিন্দা লুৎফর শেখের ছেলে।
সদর থানার ওসি মো: লোকমান হোসেন জানান, স্থানীয় বাসিন্দাদের দেয়া তথ্য অনুযায়ী— ঘটনার সময় বিশাল পশ্চিম টুটপাড়া আমতলা মোড় এলাকায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে তিন অজ্ঞাতপরিচয় ব্যক্তি সেখানে আসেন। তাদের সবার মাথায় হেলমেট ও মুখে মাস্ক ছিল। তারা এসে বিশালকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে তার কাছে থাকা ভি৭৫ মডেলের একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যান।
গুলিবিদ্ধ বিশালকে তার স্বজনরা খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও হামলার কারণ উদঘাটনে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








