
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের নতুন কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতা দিয়ে আঘাত করেছেন মো: মহসিন ভূঁইয়া নামে এক ছাত্রদলকর্মী।
শনিবার (১৭ অক্টোবর) নতুন কমিটি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তার এমন কর্মকাণ্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
জানা গেছে, গত ১৪ অক্টোবর ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের স্বাক্ষরে মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে মোবারক হোসেন বিল্লালকে সভাপতি এবং নূর মোহাম্মদ মেহেদীকে সাধারণ সম্পাদক করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মহসিন ভূঁইয়াকে নতুন কমিটি নিয়ে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায়। তিনি অভিযোগ করেন, গত ১৭ বছর ধরে দলের আন্দোলন-সংগ্রামের প্রতিটি কর্মসূচীতে অংশ নিয়েছেন। অথচ নতুন কমিটিতে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন না, এমন ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদ দেয়া হয়েছে।
অন্যদিকে আন্দোলন করতে গিয়ে মামলা ও হামলার শিকার হওয়া ত্যাগী নেতাকর্মীদের পদবঞ্চিত করা হয়েছে।
ভিডিওতে মহসিন ভূঁইয়া নতুন কমিটি বাতিল করে পুনরায় কমিটি গঠনের দাবি জানান। এ সময় তিনি ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘কমিটিতে ত্যাগী ও যোগ্য নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। আন্দোলন-সংগ্রামে অংশ নেয়া নেতাকর্মীদের হারিয়ে যেতে দেয়া যাবে না।’
তবে নতুন কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি—এ অভিযোগের বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জুবায়ের আলোর জিলানী।
তিনি বলেন, ‘স্থানীয় সংসদ সদস্য এই কমিটি চেয়েছেন। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক কমিটি অনুমোদন দিয়েছেন। তারা যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করেই কমিটি দিয়েছেন।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








