
চট্টগ্রামের সাতকানিয়ায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে মোবাইল ফোন কেড়ে নেয়াকে কেন্দ্র করে বন্ধুদের মারধরে মো: রিয়াজ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে তিনি বন্ধুদের হাতে মারধরের শিকার হন।
নিহত রিয়াজ সাতকানিয়া সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ক্ষিতা মোল্লাপাড়ার বাসিন্দা। তিনি ওই এলাকার অটোরিকশাচালক নাজিম উদ্দিনের ছেলে। এ ছাড়াও তিনি মাদকাসক্ত ছিলেন বলে জানা গেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, পাওনা টাকাকে কেন্দ্র করে নিহত রিয়াজ তার এক বন্ধুর কাছ থেকে একটি মোবাইল ফোন কেড়ে নেয়। পরে গত বৃহস্পতিবার সাতকানিয়া সদর ইউনিয়নের শাহ মজিদিয়া মার্কেটে রিয়াজকে ডেকে নিয়ে রিয়াজের হাতে থাকা মোবাইল ফোনটি ফরহাদ দাবি করেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে শাহাদাত, জায়েদ, আব্বাস, অনিক ও ফরহাদ গাছের বাটাম দিয়ে রিয়াজকে মারধর করেন। মারধর থেকে বাঁচতে রিয়াজ স্থানীয় পল্লী চিকিৎসক রতন আচার্যের ফার্মেসিতে আশ্রয় নিলেও রক্ষা পাননি। পরে অভিযুক্তরা তাকে রক্তাক্ত অবস্থায় নাছিরের দোকানের সামনে ফেলে রেখে চলে যান।
পরে স্থানীয়রা আহত অবস্থায় রিয়াজকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবণতি হলে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) খালি না থাকায় তাকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। আর্থিক সঙ্কটের কারণে শুক্রবার বিকেলে তাকে আবার চমেক হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
নিহত রিয়াজের মা রোজিনা আকতার বলেন, ‘শাহাদাত আমার ছেলেকে ডেকে তার দোকানে নিয়ে যায়। পরে মোবাইল ফোন নিয়ে বিরোধের একপর্যায়ে তারা আমার ছেলেকে মারধর করে। ইতোমধ্যে আমি শাহাদাত, জায়েদ, আব্বাস, অনিক ও ফরহাদের বিরুদ্ধে সাতকানিয়া থানায় এজাহার দায়ের করেছি। আমি এ ঘটনার বিচার চাই।’
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাতকানিয়া সার্কেল মো: আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ইতোমধ্যে আমরা ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি। পুরো ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








