মোহাম্মদ মুহরম আলী
মোহাম্মদ মুহরম আলী। নয়া দিগন্ত

​চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাটে পোল্ট্রি ফার্মে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ মুহরম আলী (২৯) নামে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে।

Advertisement


​শনিবার (১৭ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার নারায়ণহাট ইউনিয়নের করিমপুর এলাকার একটি পোল্ট্রি ফার্মে এ দুর্ঘটনা ঘটে। 


​নিহত মুহরম আলী নারায়ণহাট ইউনিয়নের পশ্চিম চান্দপুর (ইয়াসিনপুর) এলাকার মোস্তফার ছেলে। তিনি ওই পোল্ট্রি ফার্মে কর্মরত ছিলেন।


​স্থানীয় সূত্রে জানা যায়, মুহরম আলী প্রতিদিনের মতো শনিবার রাতেও ফার্মে কাজ করছিলেন। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। রাত ৯টার দিকে বিষয়টি স্থানীয় ও সহকর্মীদের নজরে এলে দ্রুত তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


​মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আরমান বলেন, " মুহরম আলী নামের একজনকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। রোগীর স্বজনরা জানিয়েছেন, হাসপাতালে নিয়ে আসার পথেও তিনি কথা বলছিলেন। ধারণা করা হচ্ছে, পথেই তার মৃত্যু হয়েছে।"