ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে বগুড়ায় সমাবেশ 
বগুড়ায় মার্চ ফর ইনসাফ কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা। নয়া দিগন্ত

শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকারীদের ফাঁসির দাবিতে ইনকিলাব মঞ্চের তেতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির সদস্যরা বগুড়ায় পৌঁছানোর পর এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

Advertisement

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় বগুড়া শহরের সাতমাথায় জুলাই শহীদ স্মৃতি মঞ্চে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের, সাংগঠনিক সম্পাদক রাফসান রাকিব, ইনকিলাব মঞ্চ সার্চ কমিটির আহ্বায়ক জিএ সাব্বির প্রমুখ বক্তব্য রাখেন ।

সমাবেশে আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘শহীদ ওসমান হাদীর শাহাদাতের ১০ মাস পার হয়ে গেলেও এখন পর্যন্ত তার বিচার নিশ্চিত করা হয়নি। এমনকি খুনিদের ফিরিয়ে আনার ব্যাপারে সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে শহীদ ওসমান হাদীর খুনিদের দেশে ফিরিয়ে এনে এর পেছনে কারা আছে, তাদের মুখ উন্মোচন করার দায়িত্ব সরকারের।’

বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘বাংলাদেশের প্রেক্ষাপটে যখনই কোনো গণঅভ্যুত্থান বা বিপ্লব ঘটে, বিপ্লব-পরবর্তী সময়ে একশ্রেণির সুবিধাবাদী লোক তৈরি হয়। তারা বিপ্লবের সন্তানদের নিচু করে দেখতে চায় এবং তাদের অর্জনকে জমিন থেকে হারিয়ে দিতে চায়। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর কাউকে নতুন করে ক্ষমতায় বসানোর জন্য এ অভ্যুত্থান হয়নি।’

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক বলেন, ‘১৪০০ শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে আজকের সরকার ক্ষমতায় এসেছে। সেই জুলাইকে যদি অস্বীকার করা হয়, তবে পরিণতি শুভ হবে না।’

এর আগে, বেলা ১১টায় মোকামতলা থেকে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির বগুড়া পর্ব শুরু করে ইনকিলাব মঞ্চ। পর্যায়ক্রমে দুপুর সাড়ে ১২টায় মহাস্থানবাজার, দুপুর আড়াইটায় মাটিডালি বিমান মোড় ও সন্ধ্যা সাড়ে ৬টায় বগুড়া শহরের সাতমাথায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

পরে সন্ধ্যা সাড়ে ৭টায় বগুড়া সরকারি আজিজুল হক কলেজে ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা প্রতিবাদী গান পরিবেশনের মাধ্যমে দিনের কর্মসূচির শেষ করেন।