বিয়ে, হামলা, বোন, নিহত, ভাই, হত্যা
নিহত নাজিম উদ্দিন। নয়া দিগন্ত

সুনামগঞ্জের জগন্নাথপুরে বোনের বিয়েতে দাওয়াত না দেয়াকে কেন্দ্র করে চাচাতো ভাইদের হামলায় নাজিম উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

Advertisement

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে জগন্নাথপুর পৌরসভার লুদরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাজিম লুদরপুর গ্রামের মরহুম গিয়াস উদ্দিনের ছেলে।

গ্রামবাসী ও পুলিশ সদস্যরা জানায়, শুক্রবার নাজিমের ছোট বোনের বিয়ে অনুষ্ঠিত হয়। তবে কোনো কারণে বিয়ের দিন চাচাতো ভাই মাসুম মিয়ার পরিবারকে দাওয়াত দেয়া হয়নি। পরিস্থিতি সামাল দিতে ও ভুল বোঝাবুঝি মেটাতে শনিবার সকালে চাচাতো ভাই মাসুমের বাড়িতে যান নাজিম। এ সময় বাগবিতণ্ডার একপর্যায়ে মেজাজ হারিয়ে মাসুম ও তার ভাইয়েরা দা-ছুরি নিয়ে নাজিমের ওপর হামলা চালান। 

এরপর নাজিমকে আশঙ্কাজনক অবস্থায় ফেলে রেখে পালিয়ে যান তার চাচাতো ভাইয়েরা। পরে স্থানীয় ও স্বজনরা তাকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক জান্নাতুল ফেরদৌস বলেন, ‘নাজিম উদ্দিনকে হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান। তার শরীরের একাধিক স্থানে গভীর আঘাতের চিহ্ন রয়েছে।’

খবর পেয়ে জগন্নাথপুর থানার এসআই ওমর ফারুক সঙ্গীয় ফোর্স নিয়ে হাসপাতালে পৌঁছান। তিনি জানান, পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।