
দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে সিলেট জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলার ১১টি উপজেলার ৪৭১টি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে মণ্ডপের গুরুত্ব বিবেচনায় পুলিশ মোতায়েনের পাশাপাশি গঠন করা হয়েছে ৯০টি মণ্ডপভিত্তিক মোবাইল টিম।
শনিবার (১৮ অক্টোবর) দুর্গাপূজা উপলক্ষে জেলা পুলিশ আয়োজিত ব্রিফিং প্যারেডে এ তথ্য জানান সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো: যাবের সাদেক।
জেলা পুলিশের ফোকাল পয়েন্ট কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মো: সম্রাট তালুকদার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে থানা পুলিশের নিয়মিত মোবাইল টিমের পাশাপাশি মণ্ডপভিত্তিক টিমগুলো নিয়মিত পরিদর্শন করছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। অধিক জনসমাগম হয় এমন মণ্ডপগুলোতে যান ও মানুষের চলাচল স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয়েছে ট্রাফিক পুলিশ।
নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে সাদা পোশাকে উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ সদস্য গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করছেন। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় দ্রুত সাড়া দিতে প্রতিটি থানায় গঠন করা হয়েছে কুইক রেসপন্স টিম (কিউআরটি)। পুলিশ লাইন্সসহ গুরুত্বপূর্ণ স্থানে প্রস্তুত রাখা হয়েছে পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্যের স্ট্যান্ডবাই টিম।
সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো: যাবের সাদেক দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








