
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘ময়লা আবর্জনা ও পানি জমে থাকলেই ডেঙ্গু মশার উৎপত্তি হবে। যারা চিকিৎসা নিতে চিকিৎসকদের কাছে আসছেন, তাদেরকে এসব বিষয় বুঝিয়ে বলার মাধ্যমে সচেতনা বৃদ্ধি করতে হবে।’
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে দিনাজপুর মেডিক্যাল কলেজের মাল্টিপারপাস অডিটোরিয়ামে ডেঙ্গু জ্বর বিষয়ক সেমিনার ও সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা: জাহিদ হোসেন বলেন, ‘ডেঙ্গু আক্রান্ত রোগীদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাসেবা দিতে হবে। সে সাথে আবার ডেঙ্গু আক্রান্ত যাতে না হয়, সেজন্য সচেতনামূলক প্রচারণা চালানোর মাধ্যমে ডেঙ্গু রোগ থেকে জনসাধারণকে হেফাজত করতে হবে। তবেই ডেঙ্গু আক্রান্ত রোগ প্রতিরোধ করা সম্ভব হবে।’
তিনি মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে শুরু করে, জেলা স্বাস্থ্য দফতর এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত চিকিৎসক ও অন্যদের ডেঙ্গু রোগ প্রতিরোধে এসব বিষয়ে আন্তরিকভাবে কাজ করার পরামর্শ দেন।
ডেঙ্গু আক্রান্ত রোগ বিষয়ক সচেতনামূলক এ সেমিনার ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: সেখ মো: সাদেক আলী।
সেমিনারে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মো: রফিকুল ইসলাম, দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা: জাহাঙ্গীর কবির, উপাধ্যক্ষ অধ্যাপক ডা: সারোয়ার মুর্শেদ, সিভিল সার্জন ডা: গোলাম রসুল রাখি, দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু বক্কর সিদ্দিক, ড্যাব দিনাজপুর জেলা শাখার সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া, মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগসহ অন্য বিভাগের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক, মেডিক্যাল অফিসার, ইন্টার্নি চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টরা।
এর আগে মন্ত্রী দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিচালনা পর্ষদের সভায় হাসপাতাল পরিচালনা ও ব্যবস্থাপনা পরিষদের সাথে বৈঠক করেন। বৈঠকে তিনি হাসপাতালে চিকিৎসার মান বৃদ্ধি এবং আগত রোগীদের চিকিৎসাসেবা দেয়ার ওপর গুরুত্ব তুলে ধরে চিকিৎসক এবং সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








