ফকির লালন শাহ, সংস্কৃতিমন্ত্রী
লালন শাহের ১৩৬তম তিরোধান দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। নয়া দিগন্ত

সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, মানবতাবাদী দর্শন ও অসাম্প্রদায়িক চেতনার শিক্ষা দিয়েছেন ফকির লালন শাহ। তিনি লালন শাহের চেতনা জীবনে ধারণের আহ্বান জানিয়েছেন।

Advertisement

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালনের মুক্তমঞ্চে লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে তিন দিনব্যাপী আলোচনা সভা ও লালন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। 

তিনি বলেন, ‘লালন কেবল ভক্তি-শ্রদ্ধার মধ্যে সীমাবদ্ধ নন; তিনি মানবতার এক অনন্য দিশারি। তার গান, কথা ও বাণীতে রয়েছে সুন্দর জীবনযাপন, ব্যক্তি ও সমাজের কল্যাণের শিক্ষা।’

সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘বর্তমান সময়ে লালনচর্চাকে আরো জোরালো করা প্রয়োজন। লালনের শিক্ষা, দীক্ষা ও মানবিক দর্শন বাস্তব জীবনে প্রয়োগ করতে পারলে সমাজ উপকৃত হবে।’ 

তিনি লালন একাডেমির উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আশ্বাস দেন। একইসাথে আয়োজকদের ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে লালনকে ঘিরে আরো বড় পরিসরে অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনার কথাও তুলে ধরেন।

লালনের তিরোধান দিবস ঘিরে ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে শনিবার সকাল থেকেই সাধক, বাউল, ভক্ত ও দর্শনার্থীদের সমাগম ঘটে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের পাশাপাশি বিদেশি পর্যটকদের উপস্থিতিও দেখা যায়। আলোচনা সভার পাশাপাশি জ্যেষ্ঠ শিল্পীদের পরিবেশনায় লালনসংগীতের পরিবেশন হয়। রাতভর গানের সুরে মুখর থাকে আখড়াবাড়ি। লালনের আধ্যাত্মিক সাধনা, মানবপ্রেম ও আত্মঅনুসন্ধানের বাণী সংগীতের মধ্য দিয়ে ছড়িয়ে পড়ে ভক্ত-অনুরাগীদের মাঝে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা: জাহেদ উর রহমান। মুখ্য আলোচক ছিলেন প্রাবন্ধিক অধ্যাপক ড. রশিদুন নবী। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মোসা: ফরিদা ইয়াসমিন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম আবদুল্লাহ খান, পুলিশ সুপার মো: আমিনুল ইসলাম এবং কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমি। স্বাগত বক্তব্য দেন হৃদয় শাহ ও মিস আসমা খানম। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি মো: তৌহিদ বিন-হাসান।

মাজারের বাইরে গড়াইপাড়ে মাদক সেবন-বিক্রির অভিযোগ
লালন মেলা ঘিরে মাদকদ্রব্যের ব্যবহার ও বিক্রি বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছিল প্রশাসন। তবে মাজার সংলগ্ন এলাকায় তৎপরতা কিছুটা কমলেও আখড়ার বাইরের গড়াই নদীর তীরবর্তী বিস্তীর্ণ এলাকায় প্রকাশ্যে গাঁজা সেবন ও বিক্রির অভিযোগ উঠেছে। ঘোড়াঘাট থেকে মহাশ্মশান পর্যন্ত নদীর বাঁধ ও সড়কের পাশে অস্থায়ী আস্তানা গড়ে তোলার কথাও জানিয়েছেন স্থানীয়রা। এসব কর্মকাণ্ডে একটি চক্র মাদক কারবারিদের কাছ থেকে মোটা অংকের অর্থ নিয়ে সহযোগিতা করছে বলেও অভিযোগ রয়েছে। ফলে মাজার প্রাঙ্গণের পাশাপাশি নদী-তীরবর্তী এলাকাতেও কার্যকর নজরদারি ও ব্যবস্থা নেয়ার দাবি উঠেছে।

দ্বিতীয় দিনের আলোচনায় যারা থাকবেন
রোববার সন্ধ্যা ৭টায় লালন মাজার মঞ্চে দ্বিতীয় দিনের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি থাকবেন খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুন। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন কবি, লেখক ও চিন্তক ফরহাদ মজহার। মুখ্য আলোচক থাকবেন গবেষক ড. শেখ খালিদ হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার মোহাম্মদ আমিনুল ইসলাম, ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন ও জেলা বিএনপির আহ্বায়ক কুতুবউদ্দিন আহমেদ। আলোচক হিসেবে বক্তব্য দেবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. রশিদুজ্জামান। স্বাগত বক্তব্য দেবেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাভিদ সারওয়ার। সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান।