ইবিতে ৩৫৯ শিক্ষার্থীকে বৃত্তি দিল স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
অনুষ্ঠানের অতিথি ও আয়োজকদের সাথে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের একাংশ। নয়া দিগন্ত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ৩৫৯ স্কুলশিক্ষার্থীকে বৃত্তি ও সনদ দিয়েছে স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আল-ঈমান দাওয়াহ ফাউন্ডেশনের সহযোগিতায় এ বৃত্তি প্রদান করা হয়েছে।

Advertisement

শনিবার (১৭ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ বৃত্তি প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়। 

আয়োজকরা জানান, বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইবি এবং শৈলকূপা থানার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে প্রতিবছর বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। ২০২৫ সালের ডিসেম্বরে পাঁচটি কেন্দ্রে প্রায় তিন হাজার শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে থেকে ট্যালেন্টপুল ও সাধারণ ক্যাটাগরিতে ৩৫৯ জন বৃত্তির জন্য নির্বাচিত হয়েছে। আজকের অনুষ্ঠানে তাদেরকে বৃত্তির টাকার চেক ও সনদ দেয়া হয়।

সংগঠনটির চেয়ারম্যান ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মামুন আল রশিদ। বিশেষ অতিথি ছিলেন দা'ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. রহিম উল্যাহ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. ফারুকুজ্জামান খান, আল-কুরআন ও ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. এ বি এম ফারুক এবং ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চের (আইআইইআর) পরিচালক ও আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান। 

অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর ড. মামুন আল রশিদ বলেন, ভালো ফলের জন্য সন্তানদের ওপর অতিরিক্ত চাপ দেওয়া উচিত নয়। প্রত্যেক শিক্ষার্থীর নিজস্ব প্রতিভা রয়েছে। তা বিকাশে অভিভাবকদের উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে।

সংগঠনের চেয়ারম্যান ইউসুফ আলী বলেন, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিতে এবং তাদের মেধার বিকাশে সহায়তা করতেই আমাদের এ আয়োজন। শিক্ষার্থীদের জ্ঞান অর্জনে গুরুত্ব দিতে হবে, বড় স্বপ্ন দেখাতে হবে এবং সময়ের সঠিক ব্যবহার শেখাতে হবে। তারা যেন মোবাইল ফোনে অতিরিক্ত সময় নষ্ট না করে এবং কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে তাদের যোগ্য করে গড়ে তুলতে হবে। আমরা চাই, শিক্ষার্থীরা মেধা ও যোগ্যতায় এগিয়ে গিয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখুক।

অনুষ্ঠানে সংগঠনের ব্যবস্থাপক রাশেদুল ইসলাম রাফি, পরিচালক আবু তামিম, আল-ঈমান দাওয়াহ ফাউন্ডেশনের সেক্রেটারি আল-মামুন, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।