
দুর্গাপূজার মূল শিক্ষা হলো মিথ্যাকে অতিক্রম করে সত্য প্রতিষ্ঠা করা, অন্যায়কে পরাজিত করা এবং নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো। এই শিক্ষা ধারণ করে সমাজে ন্যায় প্রতিষ্ঠা ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।
শনিবার নারায়ণগঞ্জের আমলাপাড়া সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে আয়োজিত দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, পৃথিবীতে সত্য ও মিথ্যা, ন্যায় ও অন্যায়ের মধ্যে চিরন্তন দ্বন্দ্ব রয়েছে। দেবী দুর্গা অসুর দমনের মাধ্যমে ন্যায় ও সত্য প্রতিষ্ঠার প্রতীক হিসেবে আবির্ভূত হয়েছিলেন। দুর্গাপূজার এই তাৎপর্য উপলব্ধি করে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে এবং নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে হবে। তাহলেই পূজা উদযাপন সার্থক হবে।
নারায়ণগঞ্জের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য তুলে ধরে ড. আবদুল মঈন খান বলেন, এ অঞ্চলে বিভিন্ন ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের দীর্ঘ ঐতিহ্য রয়েছে। এই সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করাও সবার দায়িত্ব।
তিনি আরো বলেন, বাংলাদেশের অর্থনীতিতে পাটশিল্পের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। একসময় নারায়ণগঞ্জ ছিল এ শিল্পের অন্যতম প্রধান কেন্দ্র। এ অঞ্চলের ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি শান্তি, শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ অটুট রাখতে হবে।
পূজা আয়োজনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের ধন্যবাদ জানিয়ে মন্ত্রী উৎসবের সার্বিক সাফল্য কামনা করেন।
এ সময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, স্থানীয় নেতৃবৃন্দ এবং পূজা উদযাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








