মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এক্স-রে মেশিন
মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। নয়া দিগন্ত

বরিশালের মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় ২০ বছর পর চালু হলো এক্স-রে সেবা। সম্প্রতি মুলাদী হাসপাতালের দ্বিতীয় তলায় ডিজিটাল এক্স-রে মেশিন স্থাপনের মাধ্যমে এ সেবা চালু করা হয়।

Advertisement

হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০০৬ সালে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরোনো এক্স-রে মেশিন নষ্ট হয়ে গেলে সেবা বন্ধ হয়ে যায়। তখন হাসপাতালে এক্স-রে অপারেটর কর্মরত থাকলেও মেশেনটি নষ্ট থাকায় রোগীরা এ সেবা থেকে বঞ্চিত থাকেন। এতদিন এক্স-রে পরীক্ষার জন্য রোগীদের বেসরকারি ক্লিনিকের ওপর নির্ভর করতে হয়েছিল।

এক্স-রে মেশিন বন্ধ থাকায় এক্স-রে অপারেটর মো: মনির হোসেন ছুটি নিয়ে বিদেশে চলে যান। প্রায় এক যুগ প্রবাসে থাকার পর আদালতে মামলা করে ২০২৫ সালের ডিসেম্বরে তিনি পুনরায় চাকরিতে যোগদান করেন। অপারেটরের অনুপস্থিতিতে বরাদ্দ পাওয়া এক্স-রে মেশিনটি দীর্ঘদিন হাসপাতালের বারান্দায় পড়ে ছিল। 

মুলাদী হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইয়েদুর রহমান থাকাকালীন এক্স-রে মেশিন বরাদ্ধ হয়। তার বরিশাল জেলার সিভিল সার্জন পদে পদোন্নতি হওয়ায় মেশিনটি স্থাপন করে যেতে পারেনি।

পরবর্তীতে বর্তমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ ফজলে রাব্বী দায়িত্ব নেয়ার পর এক্স-রে সেবা চালুর উদ্যোগ নিয়ে মেশিনটি স্থাপনের মাধ্যমে সেবা কার্যক্রম শুরু করেন। তিনি বলেন, ‘রোগীরা ১৫০ থেকে ২০০ টাকার মধ্যে হাসপাতালে এক্স-রে করাতে পারবেন। পর্যায়ক্রমে প্যাথলজি বিভাগও পূর্ণাঙ্গভাবে চালু করার চেষ্টা চলছে।’