বাস, পিকআপভ্যান, মোটরসাইকেল, সড়ক দুর্ঘটনা, নিহত
দুর্ঘটনা কবলিত বাস পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। নয়া দিগন্ত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে বাস, পিকআপভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

Advertisement

শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার জামুর্কী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন টাঙ্গাইলের বাসাইল উপজেলার মোটরসাইকেল আরোহী আসিফ (১৮) ও সিরাজগঞ্জের উল্যাপাড়া উপজেলার পিকআপভ্যানের হেলপার আব্দুল রহিম (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঢাকাগামী লেনে এস আই ট্রাভেলসের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি মোটরসাইকেল ও পিকআপভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী আসিফ ও পিকআপের হেলপার আব্দুল রহিম ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

গোড়াই হাইওয়ে থানার এসআই আনিসুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপভ্যান পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে দেয়া হবে।