
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জমি চাষের বকেয়া মাত্র ১৫০ টাকাকে কেন্দ্র করে ট্রাক্টর মালিকের লাঠির আঘাতে গুরুতর আহত কৃষক আব্দুস সালাম মালিথার (৪৮) মৃত্যু হয়েছে।
চার দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকার পর শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৪ অক্টোবর) বিকেলে মোড়ভাঙ্গা বাজারে জমি চাষের বকেয়া ১৫০ টাকা পাওনাকে কেন্দ্র করে ট্রাক্টর মালিক আরিফের (৩৫) সাথে কৃষক আব্দুস সালামের কথা-কাটাকাটি হয়। তর্কের একপর্যায়ে আরিফ ক্ষিপ্ত হয়ে কাঠের চ্যালা (লাঠি) দিয়ে আব্দুস সালামের মাথায় সজোরে আঘাত করেন। এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করান। সেখানে তিন দিন চিকিৎসাধীন থাকার পর আজ দুপুরে তার মৃত্যু হয়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত আরিফ পলাতক রয়েছে। পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অভিযুক্তকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








