পূজা মন্ডপ পরিদর্শনে ভারতীয় উপ-হাইকমিশনার শ্রী পবন কুমার বাধে
পূজা মন্ডপ পরিদর্শনে ভারতীয় উপ-হাইকমিশনার শ্রী পবন কুমার বাধে। নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পূজা মন্ডপে দুর্গাপূজার সপ্তমী অঞ্জলি অনুষ্ঠান পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের উপ-হাইকমিশনার শ্রী পবন কুমার বাধে। পরিদর্শনকালে তার সাথে পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

Advertisement

শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের পঞ্চমীঘাট পোদ্দার বাড়ি দুর্গাপূজা মন্ডপে আসেন তিনি।

জানা যায়, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় উপ-হাইকমিশনার তার পরিবারের সদস্যদের নিয়ে সোনারগাঁওয়ের সাদিপুর ইউনিয়নের পঞ্চমীঘাট পোদ্দার বাড়ি শ্রী শ্রী দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন পঞ্চমীঘাট পোদ্দার বাড়ি পূজা মন্ডপের মালিক অমল পোদ্দার (সিআইপি), পূজা উদযাপন কমিটির সভাপতি প্রদীপ পোদ্দার, সাধারণ সম্পাদক বাদল পোদ্দার, পানামা গ্রুপের সিনিয়র জিএম অ্যাডমিন এইচআর আতিকুল ইসলাম ও পূজা মন্ডলের ভক্তরা।

পঞ্চমীঘাট পোদ্দার বাড়ি শ্রী শ্রী দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি প্রদীপ পোদ্দার বলেন, ভারতীয় উপ-হাইকমিশনার পরিদর্শনে এসেছেন। তিনি এখনো অবস্থান করছেন। তবে এটি তার ব্যক্তিগত নাকি সরকারি পরিদর্শন তা আমার জানা নাই।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, উপ-হাইকমিশনার আসার আগমূহুর্ত থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তার জন্য মন্ডপের আশপাশে অবস্থান নেয়। নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্কভাবে কাজ করছে।

সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত বলেন, উপ-হাইকমিশনার তার পরিবারবর্গ নিয়ে ব্যক্তিগত সফরে এসেছেন। এ সময় পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি। এটা কোনো সরকারি সফর ছিল না।