
খাগড়াছড়ির পানছড়ি সীমান্ত এলাকা থেকে একটি সাবমেশিনগান (এসএমজি), ১০০ রাউন্ড গুলি ও দু’টি মোবাইলফোন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি)। এ সময় সন্দেহভাজন ১০-১২ জনের একটি দল পালিয়ে যায়।
শনিবার (১৭ অক্টোবর) পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (১৬ অক্টোবর) রাতে বৌদ্ধমনিপাড়া বিওপির নায়েব সুবেদার মো: এমদাদুল হকের নেতৃত্বে বিজিবির একটি নিয়মিত টহলদল সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছিল। রাত সোয়া ৮টার দিকে কচুছড়িমুখ এলাকায় পৌঁছালে টহলদলের সদস্যরা দূরে কয়েকজনের সন্দেহজনক উপস্থিতি দেখতে পান।
কৌশলগতভাবে সামনে অগ্রসর হলে সীমান্তের কাছাকাছি পাহাড় থেকে কাঁধে ব্যাগ নিয়ে ১০-১২ জনের একটি দলকে সীমান্ত সড়কে নেমে আসতে দেখা যায়। এ সময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে থামতে বললে তারা দ্রুত পালানোর চেষ্টা করে। টহলদল ধাওয়া করলে সন্দেহভাজন ব্যক্তিরা সীমান্ত সড়ক থেকে পার্শ্ববর্তী পাহাড়ের ঘন জঙ্গলে পালিয়ে যায়।
ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ৭.৬২ মিলিমিটার সাবমেশিনগান (এসএমজি), ১০০ রাউন্ড গুলি ও দু’টি বাটন মোবাইলফোন উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ পানছড়ি থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলামের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র ও গোলাবারুদ পাচার এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








