সাংবাদিকতা
কথা বলছেন কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। নয়া দিগন্ত

অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা ও মিডিয়া সত্যনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলে মন্তব্য করেছেন সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি। 

Advertisement

শনিবার (১৭ অক্টোবর) সকালে সিলেট অনলাইন প্রেসক্লাবের ফ্যামিলি ডে অনুষ্ঠানের যাত্রালগ্নে নগরীর বন্দরবাজারস্থ ক্লাব কার্যালয় সম্মুখে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘অনলাইন সাংবাদিকরা সকাল থেকে রাত পর্যন্ত সংবাদের পেছনে ছুটে বেড়ান। শত ব্যস্ততার মধ্যেও পরিবারের সদস্যদের নিয়ে আনন্দময় সময় কাটানোর সুযোগ তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিলেট অনলাইন প্রেসক্লাবের ফ্যামিলি ডে আয়োজন সাংবাদিকদের কর্মব্যস্ত জীবনে নতুন উদ্দীপনা জোগাবে। আশাকরি এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’

তিনি বলেন, ‘সিলেট অনলাইন প্রেসক্লাব সব সময় সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরার চেষ্টা করে। তথ্যপ্রযুক্তির বিপ্লবের ফলে এখন অনলাইনের যুগ। সব কিছু এখন অনলাইন নির্ভর। তথ্যপ্রযুক্তির বিপ্লবের ফলে অনলাইন সাংবাদিকতার গুরুত্ব অনেক বেশি। দ্রুত সংবাদ প্রকাশের পাশাপাশি সত্য ও নির্ভরযোগ্য তথ্য তুলে ধরাও জরুরি।’

প্রতি বছরের মতো এবারও সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্যরা তাদের পরিবারের সদস্যদের নিয়ে তার নির্বাচনী এলাকা জাফলং ও জৈন্তাপুর ভ্রমণে যাচ্ছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘অনলাইন প্রেসক্লাবের সদস্যদের সাথে ঘুরতে যাওয়ার ইচ্ছা আমারও রয়েছে। সময় করে একদিন অনলাইন প্রেসক্লাবের সদস্যদের সাথে আনন্দময় সময় কাটানোর চেষ্টা করব ইনশাআল্লাহ।’

সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলালের সভাপতিত্বে সংক্ষিপ্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, জেলা কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিরাজুল হোসেন আলমগীর, কেমুসাসের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, এসিড সন্ত্রাস নির্মুল কমিটির সাধারণ সম্পাদক জুরেজ আব্দুল্লাহ গুলজার।

এসময় সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি জহিরুল ইসলাম মিশু, কোষাধ্যক্ষ শহিদুর রহমান জুয়েল, তথ্যপ্রযুক্তি সম্পাদক কামরুল আলম, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক তারেক আহমদ খান, সাবেক ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক কামাল আহমদ, দফতর সম্পাদক দেলওয়ার হোসেন মান্না, কার্যকরী পরিষদ সদস্য সাদিকুর রহমান চৌধুরী আলোকিত গোয়াইনঘাট এর সম্পাদক আমির উদ্দিন সহ প্রেসক্লাবের সাধারণ ও সহযোগী সদস্যবৃন্দ ও সাংবাদিকদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।