
কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে আগুনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকালে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় এ ঘটনা ঘটে। বেলা ১১টার দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মিডিয়া সেলের কর্মকর্তা মো: তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, উখিয়া ফায়ার স্টেশনের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, নিহত ব্যক্তিরা পর্যটক। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৭টা ২৫ মিনিটে আগুনের খবর পেয়ে উখিয়া ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। পরে সকাল ৮টার দিকে সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বেলা ১১টার দিকে তাদের চেষ্টায় আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়। আগুনে রিসোর্টটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে আরো কেউ আটকা পড়েছেন কি না, তা খতিয়ে দেখছেন উদ্ধারকর্মীরা।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম জানিয়েছেন, কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে আগুনের ঘটনায় উদ্ধারকাজে সহায়তা দিতে যোগ দিয়েছেন বিজিবি সদস্যরা।
এদিকে, আগুন লাগার পর রিসোর্ট কর্তৃপক্ষের লোকজন পালিয়ে গেছেন বলে জানা গেছে। আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং রিসোর্টটির অগ্নিনিরাপত্তাব্যবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








