টুপটুপ রিসোর্ট আগুন, পাতুয়ারটেক, উখিয়া, ফায়ার সার্ভিস, পর্যটক নিহত, রিসোর্টে অগ্নিনিরাপত্তা
উখিয়ার পাতুয়ারটেক সমুদ্রসৈকতের টুপটুপ রিসোর্ট। সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে পাঁচজনের মৃত্যু হয়েছে।

Advertisement

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত টুপটুপ রিসোর্টে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য বিষয়টি নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, নিহত ব্যক্তিরা পর্যটক। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৭টা ২৫ মিনিটে আগুনের খবর পেয়ে উখিয়া ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। সকাল ৮টার দিকে ইউনিট দুইটি সেখানে পৌঁছায়। এরপর আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল ৮টা ১৫ মিনিটের দিকে দুইটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে রিসোর্টটিতে উদ্ধার কার্যক্রম শুরু হয়।

ফায়ার সার্ভিস সূত্রে আরো জানা গেছে, আগুনে রিসোর্টটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে আরো কেউ আটকা পড়েছেন কি না, তা খতিয়ে দেখছেন উদ্ধারকর্মীরা। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, আগুন লাগার পর রিসোর্ট কর্তৃপক্ষের লোকজন পালিয়ে গেছেন বলে জানা গেছে। আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং রিসোর্টটির অগ্নিনিরাপত্তাব্যবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।