
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভার মহলবাড়ি এলাকায় একটি ইটভাটার পাশ থেকে যতীশ চন্দ্র (২৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মহলবাড়ি এলাকায় আলী ব্রিকস নামে একটি ইটভাটার পাশের ধানক্ষেত সংলগ্ন ফাঁকা জায়গায় লাশটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
নিহত যুবক পার্শ্ববর্তী বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী পাঁচপীর গ্রামের রাজেন্দ্র চন্দ্রের ছেলে যতীশ চন্দ্র বলে নিশ্চিত করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওই এলাকা দিয়ে চলাচলের সময় পথচারীরা লাশটি দেখতে পান। প্রথমে পরিচয় শনাক্ত করা না গেলেও পরে পরিবারের সদস্যরা এসে পরিচয় নিশ্চিত করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানউল্লাহ আল বারী বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








