
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার সীমান্তবর্তী এলাকায় ১৬০টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে।
শনিবার (১৬ থেকে ২২ অক্টোবর) পর্যন্ত ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় মোট ৯ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে।
১৫ বিজিবি সূত্রে জানা যায়, শূন্য লাইন থেকে সীমান্তের ০৮ কিলোমিটারের মধ্যে ১৭টি বিওপির অধীনে ১৫৩টি এবং ব্যাটালিয়ন সদরের ৩ কিলোমিটারের মধ্যে ৭টিসহ সর্বমোট ১৬০টি পূজামণ্ডপে নিচ্ছিদ্র নিরাপত্তা প্রদান করা হচ্ছে। লালমনিরহাট সদর, হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী এবং কুড়িগ্রামের ফুলবাড়ী, নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণকালে ১৫ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এ এফ এম জুলকার নাঈন (পদাতিক) লালমনিরহাট সদরের শ্রী শ্রী রাধা গোবিন্দ দুর্গা মণ্ডপ পরিদর্শন করেন।
তিনি জানান, উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে বিজিবি প্রতিশ্রুতিবদ্ধ। স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সাথে নিবিড় সমন্বয়ের মাধ্যমে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং ঝুঁকি চিহ্নিতকরণের কাজ চলছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








