
সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রেখে নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে সবাইকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।
তিনি বলেন, ‘ধর্মীয় পরিচয় ভিন্ন হলেও সবাই এই দেশের নাগরিক। তাই পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের মাধ্যমে সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে হবে।’
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে হাতীবান্ধা উপজেলা পরিষদ হলরুমে দুর্গাপূজা উপলক্ষে সরকারি সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপন মিত্রের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে হাতীবান্ধা উপজেলার ৭৩টি মন্দিরের জন্য বরাদ্দ করা জিআর চাল বিতরণ করা হয়। পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে চাল, ডাল ও শাড়ি উপহার দেয়া হয়।
ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বলেন, ‘একটি সম্পর্ক গড়ে তোলা সহজ হলেও তা ধরে রাখতে পারস্পরিক সহযোগিতা ও আন্তরিকতা প্রয়োজন। সবার অংশগ্রহণে একটি সম্প্রীতিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে হবে। দুর্গাপূজার আনন্দ যেন কোনো বাধার মুখে না পড়ে, সেজন্য সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।’
অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নন্দী বাবু, উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব আফজাল হোসেন মিয়া, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা পর্যায়ের নেতা অশ্বিনী কুমার বসুনিয়া ও পূজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বিজয় কুমারসহ বিভিন্ন মন্দিরের প্রতিনিধি ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, উপজেলার ৭৩টি মন্দিরের প্রতিটিতে ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া মন্দিরগুলোতে অনুদান ও পুরোহিতদের সম্মানী দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








