ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী, নৈতিক শিক্ষা
সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির তাজ উদ্দিন খান। নয়া দিগন্ত

মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির তাজ উদ্দিন খান বলেছেন, ‘আমাদের প্রত্যেকের উচিত জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের আদর্শ অনুসরণ করা। ইসলাম শুধু নামাজ-রোজার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং ব্যক্তিগত জীবন, পরিবার, সমাজ ও রাষ্ট্র পরিচালনায়ও ইসলামের শিক্ষা অনুসরণ করা প্রয়োজন। আমাদের কথা, কাজ ও আচরণে সততা, ন্যায়বিচার, মানবিকতা এবং অন্যের অধিকার রক্ষার প্রতিফলন ঘটাতে হবে।’

Advertisement

শুক্রবার (১৬ অক্টোবর) বাদ এশা মেহেরপুরের গাংনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ওয়ার্ড সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তাজ উদ্দিন খান বলেন, ‘সমাজ থেকে দুর্নীতি, অন্যায়, অনিয়ম ও বৈষম্য দূর করতে হলে প্রত্যেককে আগে নিজের জীবন সংশোধন করতে হবে। তরুণ সমাজকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে ও মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা গড়ে তুলতে হবে।’

তিনি বলেন, ‘ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কাজ করতে হবে। মানুষের পাশে দাঁড়াতে হবে, অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসতে হবে এবং একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে। ইসলামের সুমহান আদর্শ অনুসরণের মাধ্যমেই ব্যক্তি ও সমাজের ইতিবাচক পরিবর্তন সম্ভব।’

সভায় ইসলামের আদর্শ অনুসরণ, নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা ও মানবকল্যাণে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মো: নাজমুল হুদা এবং গাংনী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো: রবিউল ইসলাম। গাংনী পৌর জামায়াতে ইসলামীর আমির মো: আহসানুল হকের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম, পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা ওয়াস কুরুনী জামিল, বায়তুলমাল সম্পাদক জিল্লুর রহমান। এছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।