নিহত পিয়ারুল
নিহত পিয়ারুল। নয়া দিগন্ত

রাজবাড়ী জেলা পৌর শহরের সজ্জনকান্দা এলাকায় সন্ত্রাসীদের গুলিতে পিয়ারুল (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

Advertisement

শুক্রবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে পৌরসভার সজ্জনকান্দা মধ্যপাড়া মসজিদ সংলগ্ন রাজনের দোকানের কাছে এ ঘটনা ঘটে।

নিহত পিয়ারুল সজ্জনকান্দা মধ্যপাড়া এলাকার হারান সেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত পিয়ারুলের নামে অস্ত্র, মাদক, ডাকাতি, চাঁদাবাজি ও হত্যাসহ বিভিন্ন অভিযোগে ১৩টি মামলা রয়েছে। এসব মামলায় তিনি একাধিকবার গ্রেফতারও হয়েছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পিয়ারুল সজ্জনকান্দা মধ্যপাড়া মসজিদে এশার নামাজ আদায় করে বের হয়। এর অল্প কিছুক্ষণ পরেই মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি ছুড়ে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজবাড়ীর পুলিশ সুপার (এসপি) মীর মনির হোসেন বলেন, হত্যার কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশের কয়েকটি দল কাজ করছে।