নিহত খালেদ আহমেদ
নিহত খালেদ আহমেদ। নয়া দিগন্ত

সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্তবর্তী ভারতের আকুয়া এলাকা থেকে খালেদ আহমেদ (২২) নামে এক বাংলাদেশী যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।

Advertisement

শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিহত ওই যুবকের লাশ উদ্ধার করে বিজিবি।

নিহত খালেদ আহমেদ উপজেলার সীমান্তবর্তী লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের মিকিরপাড়া এরালিগুল গ্রামের মরহুম ফজলুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্র ও জকিগঞ্জ বিজিবি (১৯ ব্যাটালিয়ন) মিডিয়া সেলের মাধ্যমে জানা যায়, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) খালেদ আহমদ স্থানীয় কয়েকজন গরু চোরাকারবারির  সাথে সীমান্তে যান। সেখান থেকে গরু নিয়ে আসার সময় ভারতের আকুয়া বস্তির খাসিয়াদের সাথে চোরকারবারিদের বিরোধ দেখা দেয়। অস্ত্রধারী খাসিয়ারা চোরাকারবাবিদের ধাওয়া দিলে খালেদ আহমদ নিখোঁজ হন। এ সময় তার সাথে থাকা সঙ্গীরা বাংলাদেশে পালিয়ে আসতে সক্ষম হয়।

স্থানীয়রা জানান, সঙ্গীরা ফিরে এসে খালেদ আহমদের পরিবারকে জানায়, ভারতীয় বিএসএফ খালেদ আহমদকে গুলি করে হত্যা করেছে। তার লাশ দনা সীমান্ত এলাকায় ভারতের অভ্যন্তরে পড়ে রয়েছে।

পরে তার পরিবার ও স্থানীয়রা খোঁজ নিয়ে জানতে পারেন, খালেদ আহমদের লাশ ভারতের আকুয়া এলাকার জঙ্গলে পড়ে রয়েছে। তবে ভারতীয় বিএসএফ না খাসিয়াদের গুলিতে খালেদ আহমদ নিহত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় অনেকের ধারণা, অস্ত্রধারী খাসিয়ারাই তাকে গুলি করে হত্যা করতে পারে।

ঘটনাটি স্থানীয় দনা বিজিবি ক্যাম্পকে জানানোর পর উভয় দেশের আইনি প্রক্রিয়ার মাধ্যমে গুলিবিদ্ধ খালেদের লাশ আজ শুক্রবার বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে।

কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, খালেদ আহমদের লাশ উদ্ধার করা হয়েছে। থানা পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠাবে।

উল্লেখ্য, মাত্র ছয় দিন আগে কানাইঘাট সীমান্তবর্তী ১৩২৮ নম্বর পিলার সংলগ্ন উপজেলার বাংলাদেশের সোনারখেওড় এলাকা থেকে শাহীন আহমদ (২৫) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।

নিহত শাহীন স্থানীয় কেউটি হাওর গ্রামের বাসিন্দা।