
রংপুর মহানরগরীতে ১৯ ইয়াবাসহ গ্রেফতার পুলিশের বর্তমান ও সাবেক দুই কনেস্টবলের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধায় রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্টেট আমলী আদালত কোতয়ালীর বিচারক রফিকুল ইসলাম এ আদেশ দেন।
গ্রেফতাররা হলেন দিনাজপুরের বিরলের মোহনপুরের মাজেদুল ইসলামের ছেলে কনেস্টবল মাহিন ইসলাম ও সিরাজগঞ্জের বেলকুচির কোণাবাড়ীর মরহুম আব্দুস সাত্তার সরকারের ছেলে সাবেক পুলিশ কনেস্টবল ওমর আলী।
আদালতের প্রসিকিউটর আবু সাঈদ জানান, সন্ধ্যায় মামলার তদন্ত কর্মকর্তা ইয়াবাসহ গ্রেফতার পুলিশ কনেস্টবল মাহিন ও সাবেক কনেস্টবল ওমরকে আদালতে তোলেন। উভয়পক্ষের শুনানী শেষে বিচারক রফিকুল ইসলাম তাদের জামিন না মঞ্জুর করেন। পরে তাদেরকে পুলিশি পাহারায় রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) রংপুরের উপ-পরিচালক আবু জাফর জানান, বৃহস্পতিবার দুপুরে মহানগরীর পায়রা চত্তরের স্কাইভিউ হোটেলের ৭১০ নম্বর কক্ষ থেকে তাদের গ্রেফতার করা হয়। মাহিনকে সম্প্রতি রংপুর জেলা পুলিশ থেকে এসআরবিতে পোস্টিং দেয়া হয়। অপরদিকে ওমরের বিরুদ্ধে কুমিল্লার চান্দিনা থানায় একটি মাদক মামলা আদালতে বিচারাধীন।
ডিএনসি জানায়, অভিযানে কক্ষের খাটের নিচে থাকা একটি সিগারেটের প্যাকেটের ভেতর জিপারযুক্ত পলি ব্যাগ থেকে ১৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া ইয়াবা সেবনের চারটি পাইপ, দুটি গ্যাস লাইট, তিনটি প্লাস্টিকের কর্ক, দুটি ফয়েল পেপার ও দুটি স্মার্টফোন জব্দ করা হয়। এ ঘটনায় ডিএনসির এসআই তাহমুদার রহমান মহানগর কোতয়ালী থানায় মামলা করেন।
রংপুর মহানগর কোতয়ালী থানার ওসি (তদন্ত) মিলন কুমার চ্যাটার্জি বলেন, ‘ডিএনসি থানায় মামলা দিয়ে দুই পুলিশ সদস্যকে আমাদের কাছে সোপর্দ করে। পরে তাদেরকে জব্দ আলামতসহ গ্রেফতার দেখিয়ে আমরা আদালতে পাঠাই।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








