নিহত আরিফুল ইসলাম সালমান
নিহত আরিফুল ইসলাম সালমান। নয়া দিগন্ত

কিশোরগঞ্জের হোসেনপুরে পাঁচ মাস আগে নিখোঁজ হওয়া যুবক আরিফুল ইসলাম সালমানের (২১) লাশের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের দক্ষিণ কুড়িমারা গ্রামের নরসুন্দা নদীর কচুরিপানার নিচ থেকে জেলা ডিবি পুলিশের একটি বিশেষ দল ওই দেহাংশের কঙ্কাল উদ্ধার করতে সক্ষম হয়।

নিহত আরিফুল ইসলাম সালমান উপজেলার দক্ষিণ কুড়িমারা গ্রামের ফজলুর রহমানের ছেলে।

এ ঘটনায় গ্রেফতার তিনজন হলেন— পার্শ্ববর্তী পাকুন্দিয়া উপজেলার বিশ্বনাথপুর গ্রামের গোলাপ মিয়ার দুই ছেলে মো: মাফি মিয়া (২০), শাকিল মিয়া (১৮) ও মো: রফিক মিয়া (১৯)।

পুলিশ ও অন্যান্য সূত্রে জানা গেছে, আরিফুল ইসলাম সালমান গত ১৮ মে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। ওই নিখোঁজ ঘটনার তদন্তে নেমে কিশোরগঞ্জ জেলা ডিবি পুলিশ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে জেলার পাকুন্দিয়া উপজেলার বিশ্বনাথপুর চৌকিদার বাড়ি এলাকা থেকে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে শাকিল ও মাহিন নামে সহোদর দুই ভাইকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দু’জন সালমানকে হত্যার পর লাশ নরসুন্দা নদীতে গুম করার কথা স্বীকার করে। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার বিকেলে গ্রেফতারদের সাথে নিয়ে জেলা ডিবি পুলিশ হোসেনপুর উপজেলার দক্ষিণ কুড়িমারা এলাকায় অভিযান চালায়। সেখানে তাদের দেখানো মতে নরসুন্দা নদীর কচুরিপানার নিচ থেকে সালমানের দেহাংশের কঙ্কাল উদ্ধার করা হয়।

নিহত আরিফুল ইসলাম সালমানের কঙ্কাল

 

দীর্ঘদিন পর নিখোঁজ যুবকের এমন নির্মম মৃত্যু ও কচুরিপানার নিচ থেকে কঙ্কাল উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

উপজেলার শাহেদল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: আবুল হাসিম সবুজ জানান, নিখোঁজের পরপরই পুলিশ যথাযথ ভূমিকা নিলে আজ সালমানের কঙ্কাল উদ্ধারের পরিবর্তে হয়ত জীবিত উদ্ধার করা সম্ভব হতো।

এ সময় উপস্থিত এলাকাবাসী ওই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ ব্যাপারে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রাশেদুল ইসলাম জানান, বিষয়টি ডিবি পুলিশ তদন্ত করছে। তাই তারাই বিস্তারিত তথ্য জানাবে। 

কিশোরগঞ্জ ডিবি পুলিশের উপপরিদর্শক মো: জাকির হোসেন বলেন, আগামীকাল শনিবার জেলা পুলিশ সুপারের নির্দেশে বিষয়টি সম্পর্কে বিস্তারিত ব্রিফ করা হবে।