বিজিবি
বিজিবি। নয়া দিগন্ত

দিনাজপুরে পুজমণ্ডপের সার্বিক নিরাপত্তায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। 

Advertisement

শুক্রবার (১৬ অক্টোবর) দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়ন থেকে সংবাদপত্রে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
বিজ্ঞপ্তি জানানো হয়, দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধীন দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার ৯৯ কিলোমিটার সীমান্ত এলাকায় ব্যাটালিয়ন সদরের দুই-তিন কিলোমিটারের মধ্যে দিনাজপুর শহর এলাকায় ২২টি, দিনাজপুর জেলার বিরল ও বোচাগঞ্জ উপজেলাধীন সীমান্ত এলাকায় ২৩টি এবং ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ, রাণীশংকৈল ও হরিপুর উপজেলার সীমান্ত এলাকায় ৪১টিসহ সর্বমোট ৮৬টি পূজামণ্ডপ চিহ্নিত করা হয়েছে। যার মধ্যে ৬৪টি পূজামণ্ডপই আন্তর্জাতিক সীমারেখার খুব নিকটে অবস্থিত। এ প্রেক্ষাপটে পূজার সময়সীমাজুড়ে মোট ১৪ প্লাটুন বিজিবি মোতায়েনের মাধ্যমে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে, যাতে করে কোনো ধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে না পারে এবং হিন্দু সম্প্রদায়ের মানুষজন যেন তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান নির্বিঘ্নে ও নিরাপদে সম্পন্ন করতে পারে।

দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের পাশাপাশি জনগণের সচেতনতা ও সহযোগিতা এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এক্ষেত্রে তিনি গুজবে কান না দেয়া, যাচাই না করে কোনো তথ্য প্রচার না করা এবং সন্দেহজনক কোনো বিষয় নজরে এলে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্প বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য সকলকে আহ্বান জানান।’