পূজা
কথা বলছেন বিজিবি কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন । নয়া দিগন্ত

দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপগুলোর নিরাপত্তায় কুষ্টিয়ায় ৩৫ প্লাটন বিজিবি মোতায়েন করা হয়েছে। কুষ্টিয়ার মিরপুরে বিভিন্ন মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনকালে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭বিজিবি) কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন এ তথ্য জানান।

Advertisement

শুক্রবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর উপজেলার হরিতলা সার্বজনীন শিব মন্দির পরিদর্শনে আসেন বিজিবির কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন। 

মণ্ডপ পরিদর্শন শেষে বিজিবির কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন বলেন, ‘যশোর রিজিয়নের প্রায় ৬০০ কিলোমিটার সীমান্ত এলাকায় সীমান্ত হতে আট কিলোমিটারের মধ্যে ব্যাটেলিয়ান সদর এবং সেক্টর সদরের আশেপাশে এলাকায় সর্বমোট ২২২টি পূজা মন্ডপে দায়িত্ব পালন করছি। এরমধ্যে কুষ্টিয়া সেক্টরের মধ্যে পদ্মা নদীর দক্ষিণ দিক থেকে যশোর পর্যন্ত প্রায় ৩০০ কিলোমিটার রয়েছে। এই ৩০০ কিলোমিটার জায়গার আট কিলোমিটারের মধ্যে এবং সেক্টর সদর, ব্যাটেলিয়ান সদরের আশেপাশের জায়গাগুলোতে সর্বমোট আমাদের ৬৬টি পূজা মন্ডপ রয়েছে।’ 

তিনি বলেন, ‘এই ৬৬টি পূজা মন্ডপের দায়িত্ব পালনের জন্য আমরা ২৪টি বেইজ ক্যাম্প স্থাপন করেছি। এর মধ্যে কিছু আগে থেকেই ছিল সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে। এছাড়া কয়েকটি নতুন করা হয়েছে। এই ২৪টি বেইজ ক্যাম্প থেকে প্রায় ৮০০ জনবল অর্থাৎ প্রায় ৩৫ প্লাটন বিজিবি শান্তি শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবে।’ 

এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি, মেজর মোহাম্মদ আসরারুল হক, কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭বিজিবি) সহকারী পরিচালক মোহাম্মদ নুরুল হুদা।

এসময় আরো উপস্থিত ছিলেন মন্দির পরিচালনা পরিষদের কার্যকারী সভাপতি আনন্দ কুমার দেবনাথ, সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মহাদেব চন্দ্র ঘোষসহ স্থানীয়রা।

এই ক্ষেত্রে সবার সহযোগিতা চেয়েছেন সেক্টর কমান্ডার।