নিহত কর্মকর্তা জামাল উদ্দিন
নিহত কর্মকর্তা জামাল উদ্দিন। নয়া দিগন্ত

শিল্পাঞ্চল আশুলিয়ার নরসিংহপুর এলাকার শারমিন গ্রুপের একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে মো: জামাল উদ্দিন (৩৮) নামে এক কর্মকর্তার মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলায় শারমিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেনকে অভিযুক্ত করা হয়েছে।

Advertisement

‎মামলার প্রাথমিক তথ্য বিবরণী (এফআইআর) অনুযায়ী, বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে আশুলিয়ার নরসিংহপুরে শারমিন গ্রুপের আটতলা ভবনের ছাদে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আশুলিয়া থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। মামলাটি দায়ের করেন নিহতের বড় ভাই ইস্কান্দার আলী খান। মামলায় দণ্ডবিধি ১৮৬০-এর ৩০৬ ধারায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়েছে।

‎মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত জামাল উদ্দিন শারমিন গ্রুপে সিনিয়র মার্চেন্ডাইজার হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার দিন সকালে তিনি কর্মস্থলে যান। পরে ভবনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হওয়ার খবর পেয়ে তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎নিহতের পরিবারের অভিযোগ, কর্মস্থলে নিরাপত্তাহীনতা ও মানসিক নির্যাতনের বিষয়টি মৃত্যুর ঘটনার সাথে জড়িত থাকতে পারে। এ ঘটনায় প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের ভূমিকা তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন তারা।

‎এজাহারে শারমিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন ও তার ছেলে পরিচালক শারাফ হোসেনের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ আনা হয়। মামলার বাদী ইস্কান্দার আলী খান তার ভাইয়ের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন ও ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

‎এদিকে, ঘটনার পর নিহতের পরিবার মামলা করতে গেলে তা গ্রহণ করা হচ্ছিল না বলে অভিযোগ ওঠে। পরে মামলাটি থানায় নথিভুক্ত হয়েছে বলে প্রাথমিক তথ্য বিবরণীতে উল্লেখ রয়েছে।

‎আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটিকে অধিকতর গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।