
নোয়াখালীর সোনাইমুড়ীতে মো: সজীব (২৪) নামে এক সৌদি প্রবাসীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার আগে স্থানীয় একটি কিশোর গ্যাং ওই প্রবাসীকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিল বলে অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের আবিরপাড়া এলাকায় সামছুল হক মেম্বারের পুরোনো বাড়ির সামনের মাঠ থেকে তার উদ্ধার করা হয়।
নিহত সজীব আবিরপাড়া এলাকার মরহুম মো: মালেক ও সেলিনা আক্তারের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে খাবার খেয়ে বাড়ি থেকে বের হন সজীব। বিকেল ৫টার দিকে স্থানীয় লোকজন তাকে মাঠের মধ্যে পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচাতো ভাই রিয়াদ অভিযোগ করেন, ‘ঘটনার আগের দিন স্থানীয় একটি কিশোর গ্যাং সজীবকে দেখে নেয়ার হুমকি দিয়েছিল। এ ঘটনার সাথে ওই কিশোর গ্যাংয়ের সদস্যদের সম্পৃক্ততা থাকতে পারে।’
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘হাসপাতাল থেকে প্রবাসীর লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
তিনি জানান, মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার সাথে আরো কেউ সংশ্লিষ্ট আছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








