
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) প্রশাসনিক কার্যক্রমের গতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে চারটি নতুন অ্যাপ ও ব্যবস্থাপনা সিস্টেম চালু করা হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) বিকেলে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের (ভিসি) সভাকক্ষে ‘মাইবাউবি মোবাইল অ্যাপ’, ‘ই-অ্যাটেনডেন্স সিস্টেম’, ‘এমপ্লয়ি স্মার্ট অ্যাটেনডেন্স সিস্টেম’ এবং ‘কমপ্লেইন্ট/সার্ভিসেস ম্যানেজমেন্ট সিস্টেম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ডিজিটাল সেবার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ডিজিটাল রূপান্তর সেবার মান বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার অন্যতম প্রধান মাধ্যম। বাউবির নতুন চারটি অ্যাপ ও সিস্টেম এ লক্ষ্য অর্জনে কার্যকর ভূমিকা রাখবে।”
ভৌগোলিক বৈষম্য দূর করে দেশের সব শিক্ষার্থীর জন্য সমান শিক্ষার সুযোগ নিশ্চিত করতে প্রযুক্তির কার্যকর ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অধ্যাপক ড. মামুন উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ, তৃতীয় ভাষা শিক্ষা এবং অ্যাকাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতা জোরদারের তাগিদ দিয়ে বলেন, “ক্যাম্পাস টেলিভিশন চালু, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষের পাঠ দেশব্যাপী সম্প্রচার এবং বাউবির বিদ্যমান অবকাঠামো ও মানবসম্পদকে দক্ষতা উন্নয়নে কাজে লাগানোর প্রচুর সুযোগ রয়েছে।”
এছাড়া ‘স্টাডি বাংলাদেশ’ পোর্টালের সঙ্গে বাউবিকে যুক্ত করার পরিকল্পনার কথা উল্লেখ করে ইউজিসি ও বাউবির সহযোগিতা বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউবির ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল রূপান্তর ও অটোমেশন কার্যক্রম এগিয়ে নিতে এসব অ্যাপ চালু করা হয়েছে। এগুলোর কার্যকারিতা নিশ্চিতে নিয়মিত পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় উন্নয়ন অব্যাহত থাকবে।”
ভিসি আরো জানান, বাউবির আইসিটি ও কম্পিউটার বিভাগের নিজস্ব জনবল ও কারিগরি দক্ষতায় এসব সেবা তৈরি করা হয়েছে। পাশাপাশি আঞ্চলিক কেন্দ্রগুলোকে সমন্বিত নেটওয়ার্কের আওতায় আনা, সাইবার নিরাপত্তা জোরদার এবং প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি গড়ে তুলতে আইটি ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাউবির প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম এবং ট্রেজারার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) টি এম আহমেদ হুসেইনের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. হাবিবুল্লাহ মাহমুদ। এ সময় বিভিন্ন স্কুলের ডিন, পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আইসিটি বিভাগের প্রধান মো. মমিনুল ইসলাম, সিস্টেম অ্যানালিস্ট মো. আহসানুর রহমান এবং প্রোগ্রামার সঞ্জীব কুমার সাহা নতুন সিস্টেমগুলোর বিস্তারিত ও সরাসরি প্রদর্শনী উপস্থাপন করেন।
উদ্বোধন শেষে ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বাউবির মিডিয়া সেন্টার পরিদর্শন করেন এবং এর আধুনিকায়নে ইউজিসির পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








